এ মাসেই দাখিল হচ্ছে অন্তত দুটি গণহত্যা মামলার অভিযোগপত্র: তাজুল ইসলাম

আইন-আদালত
রোববার, ৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের প্রধান আইনজীবী তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলা, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা এবং চানখারপুল গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে।

তাজুল ইসলাম বলেন, “এই তিনটি মামলার মধ্যে অন্তত দুটি মামলার ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগপত্র এই এপ্রিল মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করতে একটি চক্র নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তবে কোনো ষড়যন্ত্র, স্ক্যান্ডাল কিংবা অপপ্রচার ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম থামাতে পারবে না।”

এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, “প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।”