চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা, উপকূলীয় অঞ্চল খালি করার নির্দেশ

আন্তর্জাতিক
চিলির দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সতর্কতা চিলির দক্ষিণ প্রান্তের দূরবর্তী ম্যাগালানেস অঞ্চল এবং চিলির আন্টার্কটিকা অঞ্চলের কিছু অংশের জন্য জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, শুক্রবার আর্জেন্টিনার উশুয়াইয়া শহরের উপকূল থেকে ২১৯ কিমি (১৩৬ মাইল) দূরে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি উশুয়াইয়াতেও অনুভূত হয়েছে এবং ওই অঞ্চলে আফটারশকও হয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, "আমরা ম্যাগালানেস অঞ্চলের পুরো উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।"

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড (Senapred) জানিয়েছে, এখন পর্যন্ত ম্যাগালানেস অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১,৭০০ জনের বেশি মানুষকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে পুয়ের্তো উইলিয়ামস থেকে ১,০০০ জন এবং পুয়ের্তো নাটালেস থেকে ৫০০ জনকে সরানো হয়েছে।

চিলির আন্টার্কটিক গবেষণা ঘাঁটির ৩২ জনও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা অনুসরণ করেছেন বলে সেনাপ্রেড জানিয়েছে।

সংস্থাটি স্থানীয়দেরকে শান্ত থাকতে এবং কর্তৃপক্ষ ও উদ্ধার দলের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। সর্বোচ্চ স্তরের দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে, যার অর্থ হচ্ছে—সমস্ত সম্পদ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত থাকবে।

সেনাপ্রেডের জরুরি ব্যবস্থাপনার উপপরিচালক মিগুয়েল অরটিজ বলেন, "মানুষকে নিরাপদ এলাকায় অবস্থান করতে হবে।"

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি (যদিও এখনও বিবিসি যাচাই করেনি) ভিডিওতে দেখা গেছে, পুয়ের্তো উইলিয়ামসের বাসিন্দারা শান্তভাবে উঁচু স্থানের দিকে যাচ্ছেন এবং পেছনে সাইরেন বাজছে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, এবং বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার উপরের নিরাপদ এলাকায় যেতে বলা হয়েছে।

ভূমিকম্পটি কেপ হর্ন এবং আন্টার্কটিকার মাঝে অবস্থিত ড্রেক প্রণালীতে, ১০ কিমি (৬ মাইল) গভীরতায় আঘাত হানে।

আর্জেন্টিনার উশুয়াইয়া শহরে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে, তবে অন্যান্য শহরগুলোতে কম পরিমাণে প্রভাব পড়েছে বলে স্থানীয় গভর্নরের দপ্তর জানিয়েছে।

এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।