মালয়েশিয়ায় অভিযানে ১৮৪ অভিবাসী আটক, রয়েছেন বাংলাদেশিরাও

আন্তর্জাতিক
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে অভিবাসন বিভাগের অভিযানে ১৮৪ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রদেশটির একটি ব্যাটারি তৈরির কারখানায় এই অভিযান পরিচালনা করে অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারীকে আটক করা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

নেগেরি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, কারখানাটিতে বৈধ অনুমতি বা নথি ছাড়াই বিদেশি শ্রমিকরা কাজ করছেন।

তিনি আরও জানান, প্রায় চার ঘণ্টা ধরে চলা অভিযানের সময় কয়েকজন শ্রমিক বিদ্যুৎ সরঞ্জামের পেছনে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। পরে সবাইকে আটক করে লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।