যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বৃহৎ অস্ত্র সরবরাহ চুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছয়টি অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প আগামী মে মাসে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তার সফরের আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সৌদি আরবের এই অস্ত্র চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। লকহিড মার্টিন, আরটিএক্স করপোরেশন, বোয়িং, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল অ্যাটমিকস—এই জায়ান্ট প্রতিরক্ষা কোম্পানিগুলো চুক্তির অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।
এছাড়া, ট্রাম্পের সফরে এসব কোম্পানির কিছু শীর্ষ নির্বাহীকেও তার সঙ্গে থাকতে দেখা যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।