সিঙ্গাপুরে অভিযানে গ্রেপ্তার ১২ অভিবাসী শ্রমিক, ১১ জন বাংলাদেশি

আন্তর্জাতিক
সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকায় একটি ডরমিটরিতে অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জনই বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।
দেশটির দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস জানায়, বৃহস্পতিবার রাতে পরিচালিত এই যৌথ অভিযানে সিএনবি ছাড়াও হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান শুরুর আগে ২৭ নভেম্বর রাত ৯টার দিকে সিএনবির সদরদপ্তরে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের ব্রিফিং দেন। পরে চিহ্নবিহীন গাড়িতে করে দলটি উডল্যান্ডসের ডরমিটরির উদ্দেশে রওনা হয়।
রাতের বৃষ্টিকে উপেক্ষা করে কর্মকর্তারা ডরমিটরিতে প্রবেশ করেন। একটি কক্ষে চার শ্রমিককে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায় এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করা হয়। অন্য কক্ষ থেকেও আরও কয়েকজনকে আটক করা হয়। সেখান থেকে কাটা স্ট্র, কাঁচের বোতল ও রাবারের টিউবসহ মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে সেগুলো প্রমাণ হিসেবে জব্দ করা হয়।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি জানান, দেশটিতে মাদকবিরোধী কার্যক্রম শক্তিশালী করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “সিঙ্গাপুরে মাদকের কোনো জায়গা নেই।”

সিএনবির বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৩,১১৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়, যা আগের বছরের সংখ্যার কাছাকাছি।