বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির নয়। এই বিষয়টি নির্বাচন কমিশন বা সরকার নির্ধারণ করতে পারে। তিনি আরও বলেন, এ নিয়ে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করে বিএনপি।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মঈন খান।
তিনি বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি বিএনপির নির্ধারণ করার বিষয় নয়। যারা নিষিদ্ধ করার কথা বলছেন, সেটি তাদের নিজস্ব বক্তব্য। আমাদের অবস্থান পরিষ্কার—এই সিদ্ধান্ত জনগণের। জনগণই ঠিক করবে কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না।"
এ সময় তিনি প্রশ্ন তোলেন, "আওয়ামী লীগ সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে কি না, তারা নির্বাচন চায় কি না—এই প্রশ্নটিও তাদের করা উচিত।"
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের জ্যেষ্ঠ সহযোগী পরিচালক জোনাথন স্টোনস্ট্রিট। ছয় সদস্যের এই প্রতিনিধি দল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন।