'শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে, এখন নির্বাচন দিন’

রাজনীতি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানে দেশের ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। তার সাঙ্গোপাঙ্গরাও পালিয়ে গেছে। এখন বাকি ২০ শতাংশ সংস্কারের কাজ দেশের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন হবে, যা নির্বাচিত সরকারের দায়িত্ব।"

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে আয়োজিত একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে, যেখানে ‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’ স্লোগানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এসময় তিনি জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, "দেশব্যাপী জামায়াতের লুটপাট-দখলদারি চলছে, অথচ এর দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতাদের উপস্থিতিতে যে তাফসির অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।"