আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানোর জন্য অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লেখেন, অস্ট্রেলিয়ান এমপিদের অবস্থান বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী স্বচ্ছতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং একটি অবাধ–সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আজ অত্যন্ত প্রকট।
তারেক রহমান উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই সময়ে নির্বাচনে অংশগ্রহণকারী সকলের মর্যাদা, নিরাপত্তা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সহিংসতামুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে—এ বিষয়টি তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, প্রবাসীরা সততার সঙ্গে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সেখানে তুলে ধরছেন এবং তাদের অবদান দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।
তারেক রহমান শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সমর্থন বিশ্বব্যাপী গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতি নতুনভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং শান্তি, ন্যায়বিচার ও অগ্রগতির পথে দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে অনুপ্রাণিত করে।