আওয়ামী লীগ আগামী ৪০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু

রাজনীতি
সিরাজগঞ্জের কাজিপুরে এক জনসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “বিগত ১৬ বছরে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য গুম, খুন ও নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে, কিন্তু জনগণের রায়েই আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা আল্লাহর বিচার।"

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজিপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসার সুযোগ পাবে না। তাই ভবিষ্যতে যার হাতে ধানের শীষ দেখবেন, তাকেই ভোট দিন।”

তিনি অভিযোগ করেন, “এই দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, নিজের মত প্রকাশ করতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, কাজিপুরের মানুষ এখন সত্য-মিথ্যা বুঝতে শিখেছে। তারা আগামী নির্বাচনে এর জবাব দেবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, “বিএনপিকে দীর্ঘ সময় কথা বলতে দেওয়া হয়নি। মা-বোনেরা প্রস্তুত থাকুন—যদি তারা আবার ক্ষমতায় ফিরতে চায়, তবে ঝাড়ু হাতে বিদায় জানাতে হবে। এ দেশে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই।”

সমাবেশে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, কন্ঠশিল্পী ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কনক চাঁপা, সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট রবিউল হাসান প্রমুখ।