আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন পড়েছি বাঘের মুখে: মির্জা আব্বাস

রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন গুরুতর হুমকির মুখে রয়েছে। তিনি দাবি করেন, "আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন পড়েছি বাঘের মুখে।" বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ একটি বৈধ ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কেবল নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকে, রাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্ত তাদের কাজ নয়। রাখাইনে করিডর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকার।”

তিনি দাবি করেন, বিএনপির সুদিন এখনো আসেনি। “অনেকেই মনে করছেন বিএনপির সময় এসেছে, কিন্তু এখনো আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি,” বলেন তিনি। আওয়ামী লীগ এক সময় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন অনেক দল বিএনপিকে শত্রু ভাবছে, যদিও বিএনপি কাউকেই শত্রু মনে করে না।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে—বিশেষ করে চাঁদাবাজি নিয়ে। কিন্তু বিএনপি কখনোই চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি। বর্তমান সরকারের লোকজনই এখন চাঁদাবাজি ও লুটপাটে লিপ্ত।”

তিনি অভিযোগ করেন, দেশের গণমাধ্যমগুলোতে এখন বিএনপিকেই টার্গেট করা হচ্ছে, অথচ সরকারের সমালোচনার জায়গা নেই। “আওয়ামী লীগের সময় যেমন মিডিয়ার স্বাধীনতা ছিল না, এই সরকারের সময়ও পরিস্থিতি একই। নির্বাচন নিয়ে কথা বললেই কেউ সহ্য করতে পারে না,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ (ইয়াছিন), কর্মসংস্থানবিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের (সুমন), মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) এবং কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ।