ইশরাক হোসেনের শপথ দাবিতে আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত

রাজনীতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান সড়ক অবরোধ ও আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের ফলে সৃষ্ট জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে মি. ইশরাক জানিয়েছেন, সরকারের পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি মোড়––শাহবাগ ও মৎস্য ভবনের সামনে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এর ফলে রাজধানীতে চরম যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালীন আদালতের রায়ে জানানো হয়, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই। এরপরও তার সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিকেলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ইশরাক হোসেন বলেন, "আমরা একটি গণতান্ত্রিক দল হিসেবে আদালতের আদেশকে সম্মান জানাই। তাই আপাতত আমরা ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করছি। তবে এই সময়ের মধ্যে সরকার কী পদক্ষেপ নেয় তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।"

তিনি আরও বলেন, "আইনের শাসনের বিজয় হয়েছে, এখন দ্রুত রায় বাস্তবায়ন করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

ইশরাক হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের ছাত্রবিষয়ক দুই উপদেষ্টা––মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিও বহাল রয়েছে। তিনি বলেন, "এই দাবিতে আমরা অনড়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে আবারও আন্দোলনে ফিরব।"

এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, "দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না। রাস্তা ছাড়বেন না, বরং আরও বিস্তৃত করুন।"

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদল সকাল ১০টা থেকে অবস্থান নেয়। বিকেলে তারা কর্মসূচি স্থগিত করে। ফলে দিনের শুরু থেকে রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, হাইকোর্ট আজ এক আদেশে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছে। আদালত রিট আবেদন খারিজ করে জানায়, রিটকারী ‘সংক্ষুব্ধ’ ব্যক্তি হিসেবে আদালতে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

এই রায়ের ফলে, নির্বাচন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ২৭শে মার্চ ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা এবং পরে ইসির গেজেট প্রকাশ আইনত বহাল থাকলো।

রায় বাস্তবায়নে গড়িমসি হলে সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন ইশরাক হোসেন।