এককভাবে নির্বাচনে অংশ নিতে চায় এনসিপি, শর্তসাপেক্ষে হতে পারে সমঝোতা

রাজনীতি
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে নয়, বরং এককভাবে অংশগ্রহণের চিন্তা করছে এনসিপি। তবে পরিস্থিতি অনুকূল হলে বিএনপি ও জামায়াত ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে শর্তসাপেক্ষ নির্বাচনী সমঝোতার সম্ভাবনাও খোলা রেখেছে দলটি।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভা সূত্র জানিয়েছে, গত বুধবার দলের নির্বাহী কাউন্সিল (ইসি) সভায় গৃহীত সিদ্ধান্তগুলোও সাধারণ সভায় সদস্যদের অবহিত করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও নির্বাচনী কৌশল প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সমকালকে বলেন, “জোট গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল আলোচনা করেছি, এনসিপি কীভাবে নির্বাচনে অংশ নেবে তা নিয়ে।”

সভায় উপস্থিত শীর্ষ নেতাদের বরাত দিয়ে সূত্র জানায়, বিএনপি ও জামায়াত সংস্কার বিষয়ে কী অবস্থান নেয়, তা পর্যবেক্ষণের পরই জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি এসব দলের রাজনীতির ধরন, সাংগঠনিক শৃঙ্খলা ও নেতাকর্মীদের কর্মকৌশলও নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে।