বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী মঙ্গলবার, ৬ মে। তাকে বরণ করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেতের তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত রাস্তার দু’পাশে মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা, ৭১টি ওয়ার্ড ও ৬২০টি ইউনিটের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রিয় নেত্রীকে বরণ করে নেবেন। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”
তিনি আরও জানান, দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তাকেও একইভাবে অভ্যর্থনা জানানো হবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আমিনুল হক বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে দীর্ঘ সংগ্রাম চলেছে, তা একটি গোষ্ঠী ভণ্ডুল করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই তারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের সরকারই হতে পারে একমাত্র গ্রহণযোগ্য পথ।”
তিনি দাবি করেন, “বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে, যা কোনো বাধা দিয়ে দমন করা সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।