গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের লড়াই মহামানবের জন্য নয়: আমীর খসরু

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ কোনো মহামানবের উদয় বা দায়িত্ব গ্রহণের জন্য আন্দোলন ও ত্যাগ স্বীকার করেনি। জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছে, কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরায় দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন, "বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান।"

এর জবাবে আমীর খসরু বলেন, অতীতে অনেক মহামানবের আবির্ভাব ঘটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার ফলাফল সুখকর হয়নি। এখানে কোনো ব্যক্তি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই মূল বিষয়। তিনি আরও বলেন, "জনগণ কোনো মহামানবের জন্য জীবন দেয়নি, জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য।"

বিএনপি নেতা বলেন, বাংলাদেশে গত ১৬ বছর ধরে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে আসছে। "যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে," মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু প্রশ্ন তোলেন, "জনগণ বলতে কাদের বোঝানো হচ্ছে? যদি কোনো সুবিধাভোগী গোষ্ঠীকে বোঝানো হয়, যারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, তাহলে সেটি জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন নয়।"

পরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আমীর খসরু জানান, বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ব্যত্যয় হবে না। তিনি বলেন, "আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করুক।"

এর আগে, আমীর খসরুর নেতৃত্বে বিএনপির লিয়াজোঁ কমিটি তিনটি সমমনা দলের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে। বিকাল ৩টায় ন্যাপ (ভাসানী) দলের সভাপতি আজহারুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল, বিকাল ৪টায় আমজনতার দলের সভাপতি কর্নেল (অব.) মশিউজ্জামান এবং বিকাল ৫টায় পিপলস পার্টির সহসভাপতি নাজমা আক্তারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুও উপস্থিত ছিলেন।