চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ: বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ দুজন গুলিবিদ্ধ

রাজনীতি
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চাইল্লাতলী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুইজন ব্যক্তি হঠাৎ ঘটনাস্থলে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করলে গোলাগুলির মধ্যে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে।

আহত এরশাদ উল্লাহকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে (এভারকেয়ার) নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। তবে গুলিবিদ্ধ সরওয়ার বাবলার অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় গুলিবর্ষণের খবর পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।