রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের নেতারা একত্রিত হয়ে গণতন্ত্র, রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার রূপান্তর এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি তুলেছেন।
চরমোনাই পীরের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালাল উদ্দীন, এবং খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি।
ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে এই সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই লাখো মানুষের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
এই মহাসমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইসলামী দলগুলোর পাশাপাশি অসাম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও একমঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক সংস্কারের দাবিতে কণ্ঠ মিলিয়েছেন।