বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং বা ভারতের মোদি এসে আমাদের দেশের সমস্যার সমাধান করবেন না। দেশের উন্নয়নের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় আমরা বহুত্ববাদী চিন্তায় এক হয়ে লড়াই করেছি। তেমনি ২০২৪ সালে ছাত্রদের ওপর গুলি চালানোর সময়ও আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। এখন আমাদের উচিত সেই ঐক্য ধরে রেখে গণতন্ত্র ও উন্নয়নের জন্য এক হয়ে কাজ করা।”
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জনসংখ্যা ছিল সাত কোটি, এখন তা দাঁড়িয়েছে ১৮ কোটিতে। আগে খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, এখন তা নেই বললেই চলে। এ অর্জনের পেছনে কৃষক ও কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের প্রাপ্য মর্যাদা দিই না।
তিনি আরও বলেন, "বর্তমানে যুক্তরাষ্ট্র যে বাড়তি শুল্ক দিয়েছে, তা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত এ সমস্যা সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হবে।"
এছাড়াও তিনি বলেন, “গ্রামের কৃষকেরা ক্ষেত-খামারে শ্রম দিয়ে, নারীরা অল্প বেতনে কাজ করে দেশের প্রবৃদ্ধি বাড়াচ্ছেন। অথচ আমরা তাদের কথা ভাবি না। যদি সত্যিকার অর্থে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই, তবে তাদের গুরুত্ব দিতে হবে।”
ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, সবাই মিলে চাইলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। ড. ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কাজ করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি, তিনি সফল হবেন। আসুন, আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।”