জাতীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা ও অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকার আহ্বান তারেক রহমানের

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে জনগণের সামনে তাদের বিচার করার সুযোগ দিতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুপরিকল্পিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তারেক রহমান বলেন, "দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে। তবে এত দিন পরও কেন অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি দেখাচ্ছে, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন জেগেছে। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে এবং জনগণের মতামতকে অবহেলা করে কোনো উদ্যোগ নিলে, তা গণতন্ত্রকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে।"

তিনি আরও বলেন, "রাষ্ট্র ও রাজনীতির সংস্কার এখন সময়ের দাবি। তবে এই সংস্কার যদি নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে চলে, তাহলে এর প্রকৃত অর্থ কি থাকবে?"

জাতীয় রাজনীতির নানা বাঁকের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী লড়াই—এই সব আন্দোলনের পেছনে ছিল শহীদদের একটি স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণেই আমাদের চলমান সংগ্রাম।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডিকে ত্যাগ করেছিল স্বাধীনতার জন্য, দিল্লির প্রভুত্বের জন্য নয়। এই বার্তাই সিপাহী-জনতা ৭ নভেম্বর ১৯৭৫-এ দিয়েছিল।”

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।