শনিবার (১৫ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে জিএম কাদের বলেন, নিরাপত্তার অজুহাতে প্রশাসন ও পুলিশ দলটির বৈধ রাজনৈতিক কার্যক্রমে অসহযোগিতা করছে। দিনাজপুরে পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত না হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর প্রেস ক্লাবে নির্ধারিত সমাবেশটি করতে না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, নিরাপত্তার কথা বলে প্রশাসন বৈঠক করতে দেয় না, বরং বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে। তার দাবি, সরকার দেশকে একটি পরিকল্পিত, একতরফা ও পূর্বনির্ধারিত নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। তবে নির্বাচনের সামান্য গ্রহণযোগ্যতার জন্যও জাতীয় পার্টিকে পুরোপুরি বাইরে রাখতে চাইছে না সরকার।
জিএম কাদের আরও অভিযোগ করেন, জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে নেতাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু ও ঢাকা মহানগর উত্তরের নেতা এ এন এম সেলিম জামিন পেলেও পরপর নতুন মামলায় জড়ানো হচ্ছে অথবা অজ্ঞাতনামা তালিকায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে।
সরকারের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দেশের একটি ঐতিহ্যবাহী ও নিবন্ধিত রাজনৈতিক দল, যার দেশব্যাপী সংগঠন, জনসমর্থন ও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। দেশের উন্নয়ন ও সংস্কারে দলের দীর্ঘদিনের অবদান আজও জনগণ স্মরণ করে।
তিনি সতর্ক করে বলেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দমন-পীড়ন ও আইনের অপপ্রয়োগ দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে। এসব কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।