জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে দলের শীর্ষ তিন নেতাকে সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের এক মতবিনিময় সভায় এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপন করা হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে ২৮ জুন অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় আনুষ্ঠানিকভাবে এই তিন নেতাকে দলের সকল পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই সিদ্ধান্ত অনুমোদন করে তা কার্যকর করেছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে, একই দিন বিকেলে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে এক বড় পরিবর্তন সূচিত হলো, যা দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।