জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো না মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোটটি।
বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আট দল আলোচনার মাধ্যমে দাবি বাস্তবায়নের সমাধান চায়।
গোলাম পরওয়ার জানান, ১৬ নভেম্বর সকালে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে, যেখানে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, “যদি জনগণের পাঁচ দফা দাবি পূরণ না হয়, তবে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।”
এছাড়া আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ১৩ নভেম্বর সারাদেশে রাজপথে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে আট দল। গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রোধে আমাদের কর্মীরা বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।”
১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিলও করবে আট দল।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিনসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।