জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ আন্দোলনে থাকা আট দল।
মঙ্গলবার বিকেলে পুরানা পল্টন মোড়ে সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়—আগামীকাল বুধবারের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। বৈঠকে আরও জানানো হয়, আলোচনায় সন্তোষজনক সিদ্ধান্ত না এলে আট দল বাধ্য হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
গত আড়াই মাস ধরে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ, নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং সংসদের উচ্চকক্ষে পিআরসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই জোট। আজকের সমাবেশ থেকেও জানানো হয়—জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। তবে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি; শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।
বৈঠকের সূত্র জানায়, আপাতত কঠোর কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে, কারণ এতে দলগুলোকে “নির্বাচনবিরোধী” হিসেবে দেখা হতে পারে। আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫’ এবং গণভোটের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। তাই তার আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনা চায় আট দল।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে অনুমোদিত জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ১৫টি বিষয়ে বিএনপি “নোট অব ডিসেন্ট” (ভিন্নমত) সংযুক্ত করে। তবে কমিশনের ২৮ অক্টোবরের খসড়া সুপারিশে এই নোট অব ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে এবং সুপারিশ করা হয়েছে—গণভোট হবে আদেশের ওপরই, কোনো ভিন্নমত ছাড়াই।
এ বিষয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের অবস্থান ভিন্ন। বিএনপি নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করছে এবং চায় নোট অব ডিসেন্ট অনুযায়ী ভবিষ্যৎ সংসদে সংস্কারের সিদ্ধান্ত হোক। অপরদিকে জামায়াত ও এনসিপি নোট অব ডিসেন্ট রাখার বিপক্ষে এবং আদেশ ও গণভোট একসঙ্গে সম্পন্ন করার পক্ষে।
মঙ্গলবারের বৈঠকে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যক্ষ সারওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় আট দলের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিগগিরই আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।