ডা. জুবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি প্রটেকশনের আবেদন বিএনপি’র

রাজনীতি
১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত ৩০ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং তারেক রহমানের স্ত্রী হিসেবে ডা. জুবাইদা রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় থাকবেন তার পৈত্রিক বাসভবন ‘মাহবুব ভবনে’।

নিরাপত্তার জন্য বিএনপি চিঠিতে উল্লেখ করেছে, একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ প্রহরা, এবং বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।

আগামী সোমবার (৫ মে) ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সাথে থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

উল্লেখ্য, এক-এগারো সরকারের সময় ডা. জুবাইদা তার স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এবং সেখানে বসবাস করছেন।