আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা, যা দেশের গণতন্ত্রের অভিযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।
বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় “এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস” (এএনএফআরইএল) এর প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এএনএফআরইএলের প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা থারিন্ডু অ্যাবেইরাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।
এএনএফআরইএল এশিয়া অঞ্চলের একটি সিভিল সোসাইটি নেটওয়ার্ক, যা নির্বাচনি গণতন্ত্রের উন্নয়ন ও প্রসারে কাজ করে আসছে। গত দুই দশক ধরে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে সংস্থাটি বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম তুলে ধরে এবং নাগরিক নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থার পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাশাপাশি, নির্বাচনি স্বচ্ছতা নিশ্চিত করা এবং সুশীল সমাজের অংশগ্রহণ বাড়াতে অংশীজন চিহ্নিতকরণ ও প্রয়োজনীয়তা মূল্যায়নের বিষয়ে তাদের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে বাংলাদেশে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় জানায়।