ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে বৃহৎ জোটের চিন্তায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহৎ রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তাদের সবাইকে নিয়ে একটি বৃহৎ জোট গঠনের চিন্তা করছি। ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরণী পার হতে চাই।’

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যুব সমাজের চিন্তা-চেতনা ও স্বপ্নকে ধারণ করে আমরা ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছি। সারাদেশ ঘুরে তরুণদের রাজনৈতিক ভাবনা জেনেছি এবং তাদের মতামতকে সামনে রেখে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। এটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ারই একটি অংশ। আমাদের মূল লক্ষ্য দলের অভ্যন্তরে ঐক্য রক্ষা এবং জাতীয় ঐক্য সৃষ্টি করা।’

বিএনপির এ নেতা জানান, গত দুই দিন ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকছেন। সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রার্থীদের কাছে ঐক্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের মূল বার্তা একটাই— বিভেদ নয়, ঐক্য চাই। কারণ ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমরা চাই, সবাই একসঙ্গে থেকে সামনে এগিয়ে যাক।’