নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

রাজনীতি
নারী সংস্কার কমিশনের সুপারিশে কুরআন ও সুন্নাহ বিরোধী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “কমিশনের যারা এসব সুপারিশ দিয়েছেন, তারা দেশের সাড়ে নয় কোটি মায়ের প্রকৃত প্রতিনিধি নন। সমাজকে তারা যে পথে নিতে চায়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধির অভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাই করতে হলে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এতে জনগণ বুঝতে পারবে, কমিশনের নিরপেক্ষতা আসলেই আছে কি না। কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুযোগ দিলে জনগণ তা মেনে নেবে না।”