গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের ‘পুনর্বাসন প্রক্রিয়া’ শুরু হয়েছে। তিনি বলেন, অতীতে সাবের হোসেন চৌধুরী ও মাহমুদুর রহমান মান্নার কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা হয়েছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন ‘শেষ ভরসা’ হিসেবে মাঠে নামানো হয়েছে পাটোয়ারীকে।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন। তিনি লেখেন, “ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা (শেখ হাসিনা) এখন জাতীয় পার্টিতে ভর করেছেন। জাপায় যে ‘অন্তঃদ্বন্দ্ব’ দেখা যাচ্ছে, তা আদতে এক ধরনের সাজানো নাটক।”
রাশেদ খান আরও অভিযোগ করেন, ভারতের নতুন পরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টিকে সংস্কারের নামে একটি 'চালাকি প্রকল্প' বাস্তবায়ন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও এই পরিকল্পনায় মদদ দিচ্ছে বলে তার দাবি।
“যেহেতু উপদেষ্টাদের ভেতরে আপা ও জাপা-ঘেঁষা লোকজন রয়েছেন, তাই আপাকে সরাসরি ফিরিয়ে আনার পথ সুগম করতে জাতীয় পার্টিকে ব্যবহার করা হচ্ছে,”—বলেন রাশেদ খান। তিনি আরও উল্লেখ করেন, “ভারত ও আপার নতুন প্রতিনিধি হিসেবে শামীম হায়দার পাটোয়ারীকে এখন মাঠে নামানো হয়েছে। অথচ তার জায়গা হওয়া উচিত ছিল জেলখানায়।”
তিনি মন্তব্য করেন, “ইতোমধ্যে সাবেক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পাটোয়ারীই এখন শেষ চেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু জানে, তবে ভারতের চাপে তারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না।”
উল্লেখ্য, সোমবার জাতীয় পার্টির মহাসচিব পদে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।