পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাস করানোর সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে

রাজনীতি
নির্বাচনের আগে সংশোধিত পুলিশ কমিশন আইন ও এনজিও–বিষয়ক আইন দ্রুত পাসের প্রচেষ্টা থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, জনগণের পূর্ণ ম্যান্ডেট ছাড়া এমন গুরুত্বপূর্ণ আইন পাসের উদ্যোগ গ্রহণ করা যথাযথ নয় এবং এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিশ্বাসযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে, সরকার দ্রুত দুটি আইন পাস করানোর উদ্যোগ নিয়েছে—একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অপরটি এনজিও সম্পর্কিত আইন।

বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাসের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। আমরা মনে করি, এই উদ্যোগের পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।”

বিএনপির মতে, জাতীয় সংসদের নতুন অধিবেশনে ব্যাপক আলোচনা ও যুক্তিতর্কের ভিত্তিতে আইনগুলো প্রণয়ন করাই হবে যথাযথ পথ। তাই তড়িঘড়ি করে আইন পাস না করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে দলটি।