বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কখনো ষড়যন্ত্রের রাজনীতি করেনি, বরং সব সময়ই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ছিল। তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মের নামে ব্যবসা করছে, বেহেশতের টিকিট বিক্রি করছে— অথচ তারা বিএনপিকে গণতন্ত্রবিরোধী বলে অভিযুক্ত করছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “যারা বলছেন বিএনপি ষড়যন্ত্র করছে, তারাই আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির ইতিহাসে ষড়যন্ত্র নেই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাসও নেই। বরং যারা আজ বড় বড় কথা বলছেন, তারাই ১৯৪৭ থেকে জনগণের আন্দোলনের বিরোধিতা করেছেন— এমনকি একাত্তর সালেও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপি কিছু দিন ধরে খুব শান্ত ও ভদ্র আচরণ করছে। আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। তবে কেউ যদি এই ভদ্রতাকে দুর্বলতা মনে করেন, তাহলে ভুল করবেন। বিএনপি মাঠে নামলে সরকারকে ট্যাবলেট খুঁজে পাওয়া যাবে না।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “আমরা সনদটি বাস্তবায়নে আগ্রহী ছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অজুহাত দেখিয়ে এটি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এসব অপকর্ম বন্ধ করতে হবে। ইতিহাসের দিকে তাকিয়ে ক্ষমা চান, জাতিকে আর বিভ্রান্ত করবেন না।”