বিএনপির সঙ্গে আসন সমঝোতা চাওয়ার খবর ভিত্তিহীন: এনসিপি

রাজনীতি
বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি সম্পর্কিত একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সাংবাদিকতার নীতির পরিপন্থি।

বিবৃতিতে এনসিপি জানায়, দলটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনো প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি।

এনসিপি আরও জানায়, দলটি বিশ্বাস করে দেশের রাজনীতি হওয়া উচিত জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তিতে। এ লক্ষ্যেই এনসিপি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম, প্রার্থী যাচাই ও প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনে উল্লেখিত তথাকথিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এনসিপি অবিলম্বে সংশ্লিষ্ট দৈনিককে প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।

বিবৃতির শেষে দলটি পুনরায় স্পষ্ট করে জানায়, “জাতীয় নাগরিক পার্টি কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। আমরা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”