রাজনীতিতে সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির হুঁশিয়ারি

রাজনীতি
নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে টুটুলের গ্রেপ্তার দাবি, রাজনীতিতে সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির হুঁশিয়ারি

রাজধানীর রূপনগরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা এস আই টুটুলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঘটনার সূত্রপাত ঘটে সোমবার রাতে, যখন রূপনগর থানা এলাকায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে এস আই টুটুল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এতে এনসিপির শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়ে বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ আরও ছয়জন আহত হন।

বিক্ষোভ শেষে মিরপুর-১০ গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে বক্তৃতা করতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এস আই টুটুলকে অবিলম্বে গ্রেপ্তার ও বিএনপি থেকে বহিষ্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের প্রতি আহ্বান জানাই—সন্ত্রাসীদের রুখে দিন, না হলে এরাই বিএনপিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের এবং হামলায় আহত ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান।