জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, প্রশাসনের কিছু কার্যালয় রাজনৈতিক দলের দপ্তরে পরিণত হচ্ছে। তিনি বলেন, "আমরা শুনতে পাচ্ছি, ডিসি-এসপির কার্যালয়গুলো এখন অনেক রাজনৈতিক দলের অফিস হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক।"
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের একটি পথসভা ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন। হাসনাত আরও বলেন, “এনসিপিতে যোগ দিতে আগ্রহী অনেককে ভয় দেখানো হচ্ছে। আমরা দলের তৃণমূল কর্মীদের জন্য জীবন দিতেও প্রস্তুত। ডিসি-এসপিদের উদ্দেশ্যে বলছি—আপনারা বেনজির হোন না, ডিবির হারুন হোন না। কারণ জনগণ যখন রাস্তায় নামে, তখন কেউ রক্ষা করতে পারে না।”
তিনি প্রশাসনের প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন, “জনগণপন্থী হন, বাংলাদেশপন্থী হন। ক্ষমতার উৎস জনগণ, একে ভুলে গেলে চলবে না।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় এনসিপির নেতা সারজিস আলম বলেন, “যখন কেউ আন্দোলনে আসার সাহস করছিল না, তখন মাহিন সরকার সাহস দেখিয়েছেন। এনসিপি নেতৃত্বের সাহসের গল্প এখানেই শুরু।”
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “যেভাবে অতীতে গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জ পথ দেখিয়েছে, এবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি হবে। আমরা বিচার ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। আয়না ঘর, বুলেট, ভয়—এসব এখন অতীত। দেশের মানুষই এবার ভবিষ্যতের দিশা দেখাবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই বিচার, সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।”