বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনসংক্রান্ত ৬৬ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে ১৬টির বিষয়ে বিএনপির দ্বিমত রয়েছে। তিনি বলেন, “আমরা ২৫টি প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছি, ২৫টির সঙ্গে আংশিকভাবে একমত হয়েছি, আর বাকি ১৬টির বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে।”
সকাল পৌনে ১১টার দিকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয়। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, কমিশন একটি জাতীয় সনদ প্রণয়ন করতে চায়, যেখানে সকল রাজনৈতিক দলের সম্মতি থাকবে। তিনি বলেন, “স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। এ প্রক্রিয়ায় বিএনপির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের প্রেক্ষিতে এটি পরিবর্তিত হতে পারে। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বরং দেশ গঠনে আমরা সবচেয়ে সোচ্চার। জাতীয় ঐক্যমত্য গড়ে না উঠলেও বিএনপির ৩১ দফাই আমাদের সনদ—আমরা সেখান থেকেই সামনে এগোবো।”