ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থী নির্ধারণ হয়নি বলে জানিয়েছে দলটি। তবে ঘোষিত তালিকাটি চূড়ান্ত নয়, প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আজ আমরা ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি। যে ৬৩টি আসনে নাম দিইনি, সেখানে যুগপৎ আন্দোলনে থাকা দলের প্রার্থীরাও থাকতে পারেন। প্রয়োজনে ঘোষিত তালিকায় পরিবর্তন আনা হবে।”
ঘোষিত তালিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হয়েছেন।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে প্রার্থী হয়েছেন—খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), মির্জা আব্বাস (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), আবদুল মঈন খান (নরসিংদী-২), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০), সালাহ উদ্দিন আহমদ (কক্সবাজার-১), ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২), হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)।
এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে মনিরুর হক চৌধুরী (কুমিল্লা-৬), আমান উল্লাহ আমান (ঢাকা-২), মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-৪), জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মজিবুর রহমান সারোয়ার (বরিশাল-৫), লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪), তাজভীর উল ইসলাম (কুড়িগ্রাম-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪), মুশফিকুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৪), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), খন্দকার আবদুল মুক্তাদির (সিলেট-১), তাহমিনা রশদীর লুনা (সিলেট-২), আবুল খায়ের ভুঁইয়া (লক্ষ্মীপুর-২), এনামুল হক চৌধুরী (সিলেট-৬), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), জয়নাল আবেদীন ভিপি জয়নাল (ফেনী-২), ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪) এবং নাসের রহমান (মৌলভীবাজার-৩) রয়েছেন।
এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি আলাদাভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।