‘মার্চ টু যমুনা’: নিষিদ্ধের রোডম্যাপ না আসায় নতুন কর্মসূচি

রাজনীতি
আজ শনিবার রাতে রাজধানীর শাহবাগে গণজমায়েতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে পরিষ্কার ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু হবে।

রাত সাড়ে সাতটার দিকে তিনি সমাবেশ থেকে এক ঘণ্টার সময়সীমা দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে রোডম্যাপ না এলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের (যমুনা) দিকে মার্চ শুরু হবে।”

রাত পৌনে নয়টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান জানান, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, তারা এখন শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড় পর্যন্ত অগ্রসর হবেন।

সমাবেশ থেকে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “উপদেষ্টাদের বলছি—আওয়ামী লীগ নিষিদ্ধে আর দেরি করবেন না। আমরা এখনো আপনাদের বিশ্বাস করছি, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখনই।”

অন্যদিকে, যমুনার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন বাড়িয়ে দিয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।