সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৮ মাসের এক শিশুকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৮ দিন পর শিশুটিকে রোববার দুপুরে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।
উদ্ধার হওয়া শিশুর নাম দিঘী মনি। সে সিরাজগঞ্জ শহরের গয়লা মহল্লার বাসিন্দা বাপ্পী মণ্ডল ও মরিয়ম খাতুন দম্পতির একমাত্র কন্যা।
পুলিশ জানায়, বাপ্পী মণ্ডল পরিবারসহ রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গত ৩০ মার্চ দুপুরে মরিয়ম খাতুনকে ঘোলের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে দিঘী মনিকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। পরদিন শিশুটির মা থানায় মামলা করেন।
মামলার পর তদন্তে নেমে রংপুর থেকে গত শুক্রবার চক্রের সদস্য কালাম শেখকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে পরদিন রায়গঞ্জ থেকে আরেক সদস্য হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার যশোরের কোতোয়ালি উপজেলার তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সামিউল ইসলামের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৪২ বছর বয়সী সামিউল ইসলাম নিঃসন্তান। কালাম ও হারুন ভুয়া বাবা-মা সেজে স্ট্যাম্পের মাধ্যমে ৮০ হাজার টাকায় তার কাছে শিশুটিকে বিক্রি করে।
ওসি আসাদুজ্জামান বলেন, “শিশুটি সুস্থ আছে এবং তাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”