বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার রাত ৯টা ১৫ মিনিটে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে, যা বিজি প্রেস থেকে সংগ্রহ করা যাবে।"
নিবন্ধন স্থগিতের কারণ জানতে চাইলে তিনি জানান, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে বিকেলে সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।