আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনা

বাংলাদেশ
সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ৯টার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে একটি শিক্ষার্থী নিবাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু নিক্ষেপ করেন। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের ওই বাসায় হামলা চালান। এতে ভাঙচুর ও আতঙ্কের সৃষ্টি হয়।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ সদস্যরা তাদের শান্ত থাকার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা প্রক্টরের অনুরোধে ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন।

এ সময় হামলাকারী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার থানার দুইটি টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনের সদস্যরাও উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

পরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফোনে সিটি ইউনিভার্সিটির প্রক্টরকে ঘটনাটি অবহিত করেন এবং হামলার প্রমাণ হস্তান্তরের আশ্বাস দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান দাবি করেন।