আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ড্রোন বা পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো দল বা প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। প্রার্থীদের একক মঞ্চে ইশতেহার ঘোষণা করতে হবে এবং আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারণায়ও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা, এবং দলের ক্ষেত্রে একই পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্তের মাধ্যমে প্রার্থীর মনোনয়ন বাতিল করার ক্ষমতাও পাবে ইসি।
প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারণা চালুর মাধ্যমে নির্বাচনী প্রচারে একটি বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন।
নতুন আচরণবিধিটি প্রণয়ন করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পর সোমবার গেজেট আকারে এ বিধিমালা প্রকাশ করে ইসি।