এই ভূমিকম্প ফোর শক, মেইন শক এখনো আসেনি: শাকিল নেওয়াজ

বাংলাদেশ
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ সতর্ক করে বলেছেন, শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটি মূল ভূমিকম্পের আগাম সংকেত বা ফোর শক মাত্র। তিনি মনে করিয়ে দিয়েছেন, এখনো আসতে পারে আরও শক্তিশালী ‘মেইন শক’, যার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ জরুরি।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিকম্প সাধারণত তিন ধাপে ঘটে—ফোর শক, মেইন শক এবং আফটার শক। যে কম্পন শুক্রবার অনুভূত হয়েছে, তা মূল ভূমিকম্পের আগে সতর্কবার্তা হিসেবে এসেছে। এই ঝাঁকুনি আমাদের সতর্ক হওয়ার সুযোগ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দেশে ৭০০–এর বেশি ফোর শক রেকর্ড হয়েছে। ঢাকার এত কাছাকাছি ভূমিকম্পের ঘটনা বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে। ২০১৪ সালে ভূগর্ভে বড় ধরনের কম্পন হলেও তেমন প্রস্তুতি ছিল না, আর এবারকার পরিস্থিতি আরও নতুন ও উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, যদি বড় মাত্রার মেইন শক আসে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

শাকিল নেওয়াজ আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য মূল ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৮ বা তারও বেশি হতে পারে, আর তার পর একাধিক আফটার শকও অনুভূত হতে পারে। তাই এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি থেকে মুক্তি মিলবে না বলে তিনি সতর্ক করেন।