মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ৭৮৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে ১০৮ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন ছাড়া এলাকায় ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহে ৫৪ জন, রাজশাহীতে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে ৯৭৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৫৭০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৩৪৯ জন।
উল্লেখ্য, গত ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩-এ ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।