বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন। আগে যেখানে ১০ এমবিপিএস স্পিডের প্যাকেজ নিতে ৭০০ টাকা খরচ হতো, এখন তা পাওয়া যাবে মাত্র ৫০০ টাকায়!
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, আজ ১ জুলাই (মঙ্গলবার) থেকেই এই নতুন প্যাকেজ কার্যকর হচ্ছে।
সংগঠনটি জানায়, বর্তমানে কোনো আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী) আর ৫ এমবিপিএস স্পিড দিচ্ছে না। গড়পড়তা সবাই এখন ১০ এমবিপিএস দিচ্ছে। সে অনুযায়ী, এখন থেকে ৫০০ টাকা থেকেই শুরু হচ্ছে নতুন প্যাকেজ।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “বাংলাদেশের ইন্টারনেট সেবার মান আরও উন্নত হোক, এটা আমরা চাই। সরকার যদি রাজস্ব ভাগাভাগি (রেভিনিউ শেয়ার) ও সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) তুলে নেয়, তাহলে ভবিষ্যতে গ্রাহকদের ন্যূনতম ২০ এমবিপিএস স্পিড দেওয়াও সম্ভব হবে।”
তিনি আরও জানান, অনেক গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫% ভ্যাট দিতে চান না। অথচ এই ভ্যাটটি সরকারকে জমা দেওয়া হয়, যা দেশের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।