কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কার দেওয়ার ঘোষণা

বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দিয়েছেন, কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে অগ্রণী ভূমিকা রাখা হোটেলগুলোকে সরকার পুরস্কৃত করবে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতে হলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই হবে।” তিনি উল্লেখ করেন, পলিথিন সস্তা মনে হলেও এর ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশগত মূল্য মানুষ ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে দিচ্ছে। পলিথিনের বিকল্প হিসেবে তিনি পাট ও চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

সভায় উপদেষ্টা বলেন, সমুদ্রতট ও আশপাশের এলাকায় প্লাস্টিকের ব্যবহারে বিরূপ প্রভাব পড়ছে, যা বন্ধে হোটেল মালিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি আদালতের দেওয়া উপকূলীয় এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণের আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসককে নিয়মিত তদারকির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট সবার সাথে মিলে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান।

তিনি আরও বলেন, “পর্যটন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হলেও, পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া যাবে না। প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতিকে নয়, পর্যটনকেও হুমকির মুখে ফেলছে।”

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিন জানান, জুলাই ২০২৫-এর মধ্যে কক্সবাজারের ৫০০টি হোটেল ও মোট ৩০০টি হোটেল-মোটেলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।