গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে জোর দিলেন ইউনেস্কো প্রতিনিধি

বাংলাদেশ

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের টেকসই বিকাশের জন্য গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি—এমন মত প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকিতে রেখে গণমাধ্যমের স্বাধীনতা বা গণতন্ত্র কোনোভাবেই বিকশিত হতে পারে না।

বৃহস্পতিবার রাজধানীর ইকবাল রোডে ওয়াইডব্লিউসিএ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইউনেস্কো-আইপিডিসি এবং নিউজ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা উন্নয়ন।

ড. ভাইজ আরও বলেন, "এটি শুধু সাংবাদিকদের কল্যাণের জন্য নয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্যও অপরিহার্য।" তিনি সরকারি-বেসরকারি উভয় সংস্থাকে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী শহীদুজ্জামান এবং ঢাকায় ইউনেস্কোর যোগাযোগ ও তথ্য খাতের প্রধান নূরে জান্নাত প্রমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।

অন্যান্য বক্তারাও সাংবাদিকদের ওপর হুমকি এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে দায়মুক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।