গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাবি ও ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, সংহতি সমাবেশ

বাংলাদেশ
ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন একযোগে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।

রাবি প্রশাসনের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সিনেট ভবনের সামনে এক সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, রাবির ৩০টিরও বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, ঢাবি প্রশাসনও একই তারিখে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।

উভয় বিশ্ববিদ্যালয়ই জানিয়েছে, এ সিদ্ধান্ত বিশ্বব্যাপী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে নেওয়া হয়েছে।