গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যার দিকে এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান। তিনি বলেন, “এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জানার চেষ্টা করছি।”
এদিকে, এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”
গোপনীয়তা রক্ষার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হামলার পর হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভেতরে নিরাপদ আশ্রয়ে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন এবং ঘটনার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।
হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।