রাজধানীর চকবাজার থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক চার্জশিটে স্বাক্ষর করেন এবং এটি গ্রহণের জন্য আগামী ৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।
চার্জশিটে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম রয়েছে।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, গত বছরের ৫ আগস্ট বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীরা হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপর একদল লোক হামলা চালায় এবং তিনি আহত হন।
পরে ফজলুর করিম গত বছরের ২৬ অক্টোবর চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।