জুলাই আন্দোলনের স্মরণে ১৮ জুলাই প্রতিটি মোবাইল গ্রাহককে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দেবে দেশের মোবাইল অপারেটররা। এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটা প্যাকের মেয়াদ থাকবে পাঁচ দিন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় বিটিআরসি এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে। ডিজিটাল স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে এবং জনগণের চেতনা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে। অপারেটরদের বলা হয়েছে, আগেভাগেই গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে, ফ্রি ডেটা কার্যক্রমটি যেন নির্বিঘ্নে বাস্তবায়ন হয়, তা নিশ্চিত করতে অপারেটরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিটিআরসি।
প্রসঙ্গত, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেয়। এরপর পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড আংশিক চালু হয় এবং মোবাইল ইন্টারনেট ফের সচল হয় ২৮ জুলাই, অর্থাৎ দশ দিন পর। এই পটভূমি থেকেই ১৮ জুলাই স্মরণীয় রাখতে এবার নেওয়া হয়েছে ফ্রি ডেটা প্রদানের এই উদ্যোগ।