ঝিনাইদহে কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য

বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধারের সময় যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে।

আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, বাকুলিয়া গ্রামের ইমাদুলের আত্মীয় সুজন হোসেন যশোর থেকে ওই কিশোরীকে নিয়ে এসে পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করেন। বিষয়টি নিয়ে মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ সোমবার বিকেলে কালীগঞ্জ থানা-পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধারে অভিযান চালায়।

কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ইমাদুলের বাড়ির সামনে কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করে এবং মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ সদস্য ছাড়াও আহত হন স্থানীয় রাজনৈতিক কর্মীর স্ত্রী মাছুরা খাতুন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে পাঠানো হয়েছে এবং এখনো থানায় কোনো মামলা হয়নি।