সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আজ রবিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আদেশ অনুযায়ী, ঢাকার পরীবাগ এলাকার 'প্রিয় প্রাঙ্গণ'র একটি ফ্ল্যাট, বনানীর 'পিপি টাওয়ার'-এ তিনটি অ্যাপার্টমেন্ট এবং তিনটি গাড়ি জব্দ করা হবে। এসব স্থাপনার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা এবং গাড়িগুলোর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।
এছাড়া, নসরুল হামিদের নামে থাকা ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারক। এই হিসাবগুলোতে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে এই আদেশ প্রার্থনা করেন। দুদকের আবেদনে বলা হয়, তদন্ত চলাকালীন এসব সম্পদ বিক্রি, হস্তান্তর বা অন্য কোনোভাবে বেহাত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি, আদালত নসরুল হামিদ ও তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ব্যাংকে ২০টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল।